ডেস্ক রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনীতির মাধ্যমে সমাধানের আশা এখনো ছাড়েনি তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের প্রস্তাব তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।
ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যমকে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না, এমন নিশ্চিয়তা পেলেই তেহরান সমঝোতায় যাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার আগে সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক কি না, তা নিশ্চিত হওয়া দরকার। উভয়পক্ষের মধ্যে আস্থা তৈরির বিষয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এখন তুঙ্গে। ইরানের বাইরে অন্যান্য দেশেও যুদ্ধ ছড়িয়েছে। হরমুজ প্রণালিতে অব্যাহত হামলার কারণে ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল। ফলে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।
আরাগচি বলেন, সমঝোতায় আসার ক্ষেত্রে ইরানের অন্যতম শর্ত, দেশটি তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হাতছাড়া করবে না।
ইউরেনিয়াম নিয়ে তেহরান ও ওয়াশিংটনের বিরোধ মেটাতে এর আগে বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাবের কথা জানিয়েছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের মাত্রা কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছে দেশটি। আরাগচি মনে করেন, বিষয়টির ন্যায্য সমাধান সম্ভব।
আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগে দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। হামলার পর এর কতটুকু অবশিষ্ট আছে, তা নিশ্চিত নয়।
এদিকে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়। কিন্তু এমন চুক্তি করতে চায় না, যা আমার কাছে গ্রহণযোগ্য।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে দফায় দফায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে। সবশেষ গত মঙ্গলবারও কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
প্রিন্ট করুন


















Discussion about this post