ডেস্ক রিপোর্ট: কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করার পর যুক্তরাষ্ট্রকে সংযত হতে বলেছে চীন। একই সঙ্গে কিউবার ওপর ‘চাপ প্রয়োগ’ ও ‘হুমকি’ ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং।
বৃহস্পতিবার (২১ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।
গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যেকোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।
কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।
তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
প্রিন্ট করুন




















Discussion about this post