ডেস্ক রিপোর্ট: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে যে তেল পরিবহণ করা হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন।
নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দক্ষিণ অংশের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচলের দিকনির্দেশনা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে গত রাতে কোনো নিষিদ্ধ জাহাজ ওই অবৈধ নৌপথে প্রবেশ করতে পারেনি। ওই পথে তেল ‘পাচারের’ প্রবাহও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে প্রণালিটিতে জাহাজ চলাচলের জন্য নিজেদের নির্ধারিত একটি পথ ব্যবহারের শর্ত দেয় দেশটি।
এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহণে বিকল্প পদ্ধতি গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল ও গ্যাস স্থানান্তর করে তা প্রণালি থেকে বাইরে নেওয়া হচ্ছিল।
ইরান এসব জাহাজকে ‘নিষিদ্ধ জাহাজ’ হিসেবে আখ্যা দিয়ে কয়েকটির ওপর হামলা চালিয়েছে। দেশটির ভাষ্য, নির্ধারিত নৌপথের বাইরে চলাচল এবং তাদের নিষেধাজ্ঞা অমান্য করার কারণেই এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত অক্টোবর মাসে এ ধরনের হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবর : আল জাজিরা
প্রিন্ট করুন




















Discussion about this post