ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক নৌমিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর টাইপ-৪৫ শ্রেণির বিধ্বংসী রণতরী এইচএমএস ড্রাগন, যা আগে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের কাছে অবস্থান করছিল, এখন মধ্যপ্রাচ্যে ‘প্রাক-অবস্থান’ হিসেবে রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে এটি যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক মিশনে যুক্ত হবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারের প্রস্তুতির অংশ হিসেবে এই মোতায়েন করা হয়েছে। তার ভাষায়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যাতে প্রয়োজন হলে দ্রুত বহুজাতিক নৌজোটে অংশ নিতে পারে যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই প্রস্তাবিত মিশনের মূল লক্ষ্য, যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগে সামনে এসেছে।
এদিকে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে যুদ্ধবিরতির আলোচনা হলেও তা স্থায়ী সমঝোতায় পৌঁছায়নি।
এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌচলাচল স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক পর্যায়ে নতুন কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
খবর : আনাদোলু
প্রিন্ট করুন




















Discussion about this post