ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাইয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে মহসিন রেজাই দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সংকট নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। এরপর মোজতবা খামেনি স্পষ্ট করে জানান, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় ইরানি জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ নিশ্চিত করতে হবে। আর সেজন্য তেহরানের দেওয়া শর্তসমূহ মানা অপরিহার্য।
রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে এবং স্থায়ী সমাধানের পথ খুঁজতে নিজেদের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
খবর : আনাদোলু এজেন্সি
প্রিন্ট করুন




















Discussion about this post