ডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো অংশগ্রহণ না করায় সামরিক জোটটি থেকে বেরিয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি একবার এই জোট থেকে সরে আসে, তাহলে সংঘাত শেষ হওয়ার পর পুনরায় এতে যোগদানের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার প্রশ্নই আসে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরু করে। তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়। তা খুলতে মিত্রদেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তারা সেই দাবি প্রত্যাখ্যান করে। ফলে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উল্লিখিত মন্তব্য সেটার সবচেয়ে বড় ইঙ্গিত।
এই সংঘাতের পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবে কি না— এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনো ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সব সময় জানতাম ওরা একটা কাগুজে বাঘ। আর পুতিনও সেটা জানেন।’
খবর : দ্য টেলিগ্রাফ
প্রিন্ট করুন




















Discussion about this post