ডেস্ক রিপোর্ট: দুই বছর পর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
কনমেবল ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এবারের আসরে আসছে নতুন ফরম্যাট। নতুন এই কাঠামোয় দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নেবে। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল; ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারলেও ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রেই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
নতুন ফরম্যাট অনুযায়ী, কনকাকাফ অঞ্চলের ছয়টি প্রতিনিধি দল বাছাই করা হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে, যা ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই গোল্ড কাপ থেকে ছয়টি দল কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে এবং এর মাধ্যমে কনকাকাফের সদস্য দেশগুলোর সামনে ফলাফলের ভিত্তিতে দক্ষিণ আমেরিকার এই প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ইতিহাসে এর আগে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মোট আটটি দেশ কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দেশগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা; এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে টুর্নামেন্টের ফাইনালেও খেলেছিল।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলতে গিয়ে সাম্প্রতিক সময়ে সাফল্যের স্মৃতি রয়েছে আর্জেন্টিনার। ২০২১ সালে ব্রাজিলের মাটিতে জেতা শিরোপা ধরে রাখতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিল লিওনেল স্কালোনির দল এবং ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ, আর চোটের কারণে সেদিন বদলি হয়ে বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখতে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে।
তবে যুক্তরাষ্ট্রে সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্য ছিল মিশ্র। শিরোপা ধরে রাখার অভিযানে শেষ ষোলোতে মিসরকে এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হতে হয় তাদের।
সব মিলিয়ে ২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরছে কোপা আমেরিকা, যেখানে নতুন ফরম্যাটে কনমেবল ও কনকাকাফের মোট ১৬টি দল শিরোপার লড়াইয়ে নামবে।
প্রিন্ট করুন




















Discussion about this post