ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ছয়টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার রুখতে প্রায় ৬ হাজার বাড়িঘরের অন্তত ১৬ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১৬ অক্টোবর) অরেঞ্জ কাউন্টির উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে ‘নর্তে ফায়ার’ নামের এই দাবানল শুরু হয়। পরে তা দ্রুত পার্শ্ববর্তী সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিনির্বাপণ সংস্থা ‘ক্যাল ফায়ার’ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ দাবানলে প্রায় ২৩১ হেক্টর পাহাড়ি বনভূমি ও এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য উভয় শহরেই জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতার মাত্রাতিরিক্ত ঘাটতি এবং ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে চলা শুষ্ক ‘সান্তা আনা’ বাতাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শনিবার রাত পর্যন্ত সেখানে চরম গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে নতুন করে আগুনের সূত্রপাত প্রতিরোধ করতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। দমকল বিভাগ আশঙ্কা করছে, ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক তারে স্ফুলিঙ্গ তৈরি হয়ে দাবানলের মাত্রা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে ড্রপ-পদ্ধতিতে হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি কয়েক শ অগ্নিনির্বাপক কর্মী মাটিতে নেমে কাজ করছেন।
একই সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আরও দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ পুড়েছে প্রায় ৫৯ হেক্টর এলাকা, যার মাত্র ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে সান দিয়েগো কাউন্টির ‘হেন্ডারসন ফায়ার’-এ ৮৪২ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুনের ২০ শতাংশ আয়ত্তে আনা সম্ভব হয়েছে। এ দাবানলের কারণে মার্কিন মেরিন কোরের অন্যতম প্রধান ঘাঁটি ‘ক্যাম্প পেন্ডলটন’ এলাকায় বড় প্রভাব পড়েছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের একাধিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রিন্ট করুন




















Discussion about this post