ডেস্ক রিপোর্ট: ইরানের নির্দেশনায় হুথিরা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এমন অভিযোগ করেছে ইয়েমেনের স্বীকৃত সরকারের এক মন্ত্রী।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোআম্মার আল-ইরিয়ানি এই উদ্যোগকে ‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে হুথিদের সামরিক ও সন্ত্রাসী কার্যক্রমের স্থায়ী অর্থের উৎসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
আল-ইরিয়ানি বলেন, সম্প্রতি পাওয়া ‘নিশ্চিত গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তার দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই পরিকল্পনা পরিচালনায় সহায়তা করছে।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইআরজিসির বিশেষজ্ঞ ও উপদেষ্টারা সরাসরি এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে যুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, পরিকল্পনার অংশ হিসেবে একটি আলাদা সংস্থা গঠন করা হতে পারে। যারা জাহাজ কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ সংগ্রহ করবে।
লোহিত সাগরের এই সংকীর্ণ নৌপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পর সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে এই পথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রিন্ট করুন




















Discussion about this post