Print Date & Time : 29 March 2026 Sunday 4:00 am

হাসপাতালে ভর্তি গ্রেপ্তার হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি

ডেস্ক রিপোর্ট: গ্রেপ্তারের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা অলিকে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারের পর মহারাজগঞ্জের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) নেওয়া হয়।

টিইউটিএইচ-এর চিকিৎসকরা জানিয়েছেন, আগে দু’বার কিডনি প্রতিস্থাপন করা হওয়ায় তার শারীরিক অবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হৃদ্‌রোগ ও বৃক্ক বিশেষজ্ঞদের একটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

তার চিকিৎসায় জড়িত একজন চিকিৎসক বলেন, হাসপাতালে আসার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী পেটে ব্যথা ও হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কথা জানান। প্রাথমিক এক্স-রেতে তার পেটে একটি পাথর ধরা পড়েছে, যা এই ব্যথার কারণ হতে পারে।

গত বছরের ৮-৯ সেপ্টেম্বর হওয়া জেন-জি বিক্ষোভ মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, একই ঘটনায় নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, তিনি বর্তমানে মহারাজগঞ্জে নেপাল পুলিশের ২ নম্বর ব্যাটালিয়নে রয়েছেন।