Print Date & Time : 16 February 2026 Monday 6:49 am

হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহিরক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির সরকার বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেয়।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা।

শুক্রবার জুমার নামাজের পর দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন।

সম্প্রতি জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। কিন্তু তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তার সমর্থকরা আন্দোলন শুরু করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার রাতে এক এক্স পোস্টে লেখেন, ‘ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে তার আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হবে। তাই এই বিষয়ে কোনো গুজব ছড়াবেন না বা নিজের স্বার্থে এ নিয়ে রাজনীতি করবেন না।’

দেশটির সংসদ-বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারাগার থেকে একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।

তিনি বলেছন, একজন কারাবন্দি যেসব মানবাধিকার পান তার সবই ইমরানকে দেওয়া হবে।