ডেস্ক রিপোর্ট: প্রিন্সেস ডায়ানার সঙ্গে সম্পর্কের কারণে বিশ্বজুড়ে পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাসনাত খান যুক্তরাজ্য ছেড়ে পাকিস্তানে ফিরেছেন। তিনি লাহোরে প্রতিষ্ঠিত হতে যাওয়া জিন্নাহ ইনস্টিটিউট অব কার্ডিওলজি-এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
জানা গেছে, লাহোরের অন্যতম বড় এই কার্ডিয়াক চিকিৎসা কেন্দ্রটির প্রধান হিসেবে তিনি সিইও ও ডিন—দুই দায়িত্বই পালন করবেন। হাসপাতালটির কার্যক্রম শুরুর প্রস্তুতি ইতোমধ্যে জোরেশোরে চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনবল নিয়োগ ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়াও শুরু হয়েছে, যা দ্রুত প্রতিষ্ঠানটি চালুর ইঙ্গিত দিচ্ছে।
ডা. হাসনাত খান কে?
১৯৫৮ সালে পাকিস্তানের ঝেলামে জন্মগ্রহণ করেন ডা. খান। তিনি কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা শিক্ষা সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে দীর্ঘদিন কাজ করেছেন বিশ্বের খ্যাতনামা রয়্যাল ব্রোম্পটন হাসপাতাল-এ।
প্রিন্সেস ডায়ানার সঙ্গে সম্পর্ক
১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানা লন্ডনের রয়্যাল ব্রোম্পটন হাসপাতালে এক বন্ধুকে দেখতে গিয়ে ডা. খানের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের সম্পর্ক আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। জানা যায়, ডায়ানা তাকে স্নেহভরে ‘মিস্টার ওয়ান্ডারফুল’ বলে ডাকতেন।
দীর্ঘ সময় যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতে কাজ করার পর এবার নিজ দেশে ফিরে এলেন ডা. হাসনাত খান। তার নেতৃত্বে জিন্নাহ ইনস্টিটিউট অব কার্ডিওলজি চালু হলে লাহোরে আধুনিক হৃদরোগ চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।