Print Date & Time : 18 November 2026 Wednesday 11:56 pm

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারিয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

এক সময় চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা অত্যন্ত সংক্রামক এই ভাইরাস আবার ছড়িয়ে পড়েছে। মূলত টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে এর সংক্রমণ ঘটছে।

মেক্সিকোও হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। দেশটিতে ভাইরাসটির পুনরুত্থানের পর বিশেষ করে চিহুয়াহুয়া রাজ্যে ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বলিভিয়াও এই মর্যাদা হারিয়েছে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) এই ঘোষণার বাস্তব প্রভাব খুব বেশি নেই। এটি মূলত প্রতীকী। তবে কয়েক দশকের বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা একটি রোগের ক্ষেত্রে এটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে অতীতের রোগগুলো আধুনিক বিশ্বের জন্য প্রাণঘাতী সমস্যা হয়ে ফিরে আসার যুগের সূচনা হিসেবেও একে দেখা হতে পারে।

পিএএইচওর পরিচালক ডা. জারবাস বারবোসা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাম নির্মূল কোনো ট্রফি নয়, যা একবার জিতে তাকের ওপর রেখে দেওয়া যায়। এটি এমন এক অর্জন, যা প্রতিদিন সুরক্ষিত রাখতে হয়। রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি পূরণ এবং প্রতিটি জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করার মাধ্যমে এটি করতে হবে।’

সংস্থাটির টিকাদানবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ডা. ড্যানিয়েল সালাস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও মেক্সিকো কীভাবে অন্তত এক বছর সংক্রমণ বন্ধ রেখে আবার হাম নির্মূলের মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করবে, সে বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশগুলোকে পরিকল্পনা জমা দিতে বলবে পিএএইচও।

২০২৪ সাল থেকে আমেরিকা মহাদেশজুড়ে হাম ছড়িয়ে পড়ছে। টিকাদানের হার কম এমন এলাকাগুলোতে তা ছড়িয়ে পড়ে। গত বছর কানাডা প্রথমবারের মতো হামমুক্ত দেশের স্বীকৃতি হারায়। ১৯৯৮ সালের পর দেশটি এই স্বীকৃতি ধরে রেখেছিল।

আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা কোনো দেশে হাম নির্মূল হয়েছে বলে বিবেচনা করেন, যখন ভাইরাসটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আর ছড়ায় না। এ ক্ষেত্রে অন্তত ১২ মাস ধরে একটি হাম সংক্রমণ-শৃঙ্খল অবিচ্ছিন্নভাবে ছড়িয়েছে কি না, সেটি বিবেচনা করা হয়।

মঙ্গলবারের এই ঘোষণা জনস্বাস্থ্য প্রস্তুতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি রোগের বিরুদ্ধে টিকাদানের হার কমছে। চিকিৎসাবিজ্ঞানে পরিচিত সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি হাম। টিকাদান কমে গেলে যেসব রোগের বিরুদ্ধে টিকা রয়েছে, সেগুলোর মধ্যে হামই প্রথম ফিরে আসতে পারে বলে ধারণা করা হয়েছিল।

কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, এর পর অন্য রোগগুলোও ফিরে আসতে পারে।

যুক্তরাষ্ট্রে গত ৩০ বছর ধরে হাম প্রতিরোধে নিরাপদে টিকা ব্যবহার করে ভাইরাসটির বিস্তার ঠেকানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হাম প্রাদুর্ভাব ঠেকাতে কোনো জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন। কিন্তু কমসংখ্যক অভিভাবক তাদের সন্তানদের টিকা দিচ্ছেন। পাশাপাশি টিকা নেওয়ার গুরুত্ব নিয়ে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। চলতি বছর দেশটির তিনটি ছাড়া বাকি সব অঙ্গরাজ্যে হাম শনাক্তের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে গত দুই বছর এক প্রজন্মের মধ্যে সবচেয়ে খারাপ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময়ে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের প্রায় সবাই টিকা নেননি অথবা টিকা নিয়েছেন কি না, সে তথ্য জানা যায়নি। আক্রান্তদের ১০ শতাংশের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে হাম-সংশ্লিষ্ট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটিতে হামজনিত সবচেয়ে প্রাণঘাতী বছর। স্বাস্থ্য কর্মকর্তারা প্রতিটি মৃত্যুর বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন শিশু।
খবর : এপি