Print Date & Time : 6 October 2026 Tuesday 6:15 am

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে এবার হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো হতাহত বা পরিবেশের ক্ষতি হয়নি।

বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই যাতায়াত করত। কিন্তু গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই এই জলপথটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বর্তমানে তেহরান এই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল আটকে দিচ্ছে এবং অনুমতি ছাড়া যাতায়াতকারী জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে। অন্যদিকে, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে ওয়াশিংটনও দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে।

ব্রিটিশ সংস্থা জানায়, প্রথম হামলাটির কারণে একটি জাহাজে সামান্য আগুন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যা দ্রুত নিভিয়ে ফেলা হয়। এরপর জাহাজটি কোনো বড় ক্ষতি ছাড়াই আবার নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি তেলবাহী জাহাজও একই রকম অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়। তবে সৌভাগ্যবশত ওই জাহাজের সব নাবিকও সম্পূর্ণ নিরাপদ আছেন এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।

খবর : গালফ নিউজ।