Print Date & Time : 28 October 2026 Wednesday 6:21 pm

‘সম্ভবত আমরা একে অপরকে পছন্দ করি’, ওবামা সম্পর্কে ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি বন্ধুত্বপূর্ণ কথোপকথন করতে দেখা গেছে। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই ‘অপ্রত্যাশিত’ মুহূর্তের ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ছবিটি সম্পর্কে ট্রাম্প বলেছেন, ‘আমরা সম্ভবত একে অপরকে পছন্দ করি।’

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৯ জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বন্ধুত্বপূর্ণ কথোপকথন করতে দেখা গেছে। দ্রুতই তাদের এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ট্রাম্প পরে তাদের এই ভাইরাল ছবি সম্পর্কে বলেন, ‘ছবিটিতে তারা দুজন মানুষের মতো দেখতে যারা একে অন্যকে পছন্দ করে। এবং আমরা সম্ভবত তাই করি।’
ভিন্ন রাজনৈতিক মতাদর্শ সত্ত্বেও ট্রাম্প বলেন, ‘তারা কেবল একসঙ্গে ছিলেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত জিমি কার্টারের শেষকৃত্যে বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন একত্রিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন তবে তিনি ট্রাম্পকে অভ্যর্থনা জানাননি।

ট্রাম্প এবং ওবামার একে অপরের সমালোচনা করার ইতিহাস রয়েছে। ট্রাম্প বরাবরই ওবামার জন্ম সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছেন এবং তাকে বারবার আক্রমণ করেছেন। তবে গত বছরের আগস্টে নির্বাচনের আগে ট্রাম্প আকস্মিকভাবে ওবামার প্রশংসা করেন এবং তাকে ‘একজন ভালো ভদ্রলোক’ বলে অভিহিত করেন এবং বলেন তিনি ওবামাদের সম্মান করেন।

ট্রাম্প এবং ওবামার মধ্যকার এই মুহূর্তটি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব দেখানো নিয়ে মন্তব্য করেছেন। তবে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি কমলার কাছ থেকে একটি শুভেচ্ছা প্রত্যাশা করছিলেন।’