Print Date & Time : 4 March 2026 Wednesday 8:01 pm

রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন: ইউক্রেন

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো জানান, রুশ বাহিনী অন্তত সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রি সিবিগা বলেন, ‘পুতিনের বর্বর হামলা আজ সকালে দাভোসে সমবেত বিশ্বনেতাদের জন্য একটি সতর্কবার্তা।’

তিনি বলেন, ‘ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী ‘উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র’ এবং ‘৩০০-এর বেশি আক্রমণাত্মক ড্রোন’ নিক্ষেপ করেছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, ‘কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে।’