Print Date & Time : 12 October 2026 Monday 3:00 am

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির বিষয়ে তেহরানের অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ অক্টোবর) দুই নেতার মধ্যে ফোনালাপে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি। শনিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সমন্বয় করে পুতিন সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে তেহরানের মতামত ট্রাম্পকে জানিয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে কী কী শর্ত দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ক্রেমলিন। একই সঙ্গে এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়াও প্রকাশ করা হয়নি।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত অব্যাহত রয়েছে। সাত মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও গ্রীষ্মকাল থেকে আলোচনায় অগ্রগতি থমকে আছে।

চলতি সপ্তাহে তুর্কমেনিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই সময় রুশ প্রেসিডেন্ট যুদ্ধের অবসানে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা করতে তার দেশের প্রস্তুতির কথা জানান।

সাম্প্রতিক এই ফোনালাপের মাধ্যমে ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক যোগাযোগের নতুন একটি উদ্যোগ সামনে এসেছে। তবে সম্ভাব্য সমঝোতার শর্ত কিংবা আলোচনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।