Print Date & Time : 16 May 2026 Saturday 2:32 am

যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের

ডেস্ক রিপোর্ট: ‘খারগ দ্বীপ’-এ হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র এ হুমকি দেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে।

মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, মার্কিন হামলার পরও ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

খবর : আল জাজিরা