Print Date & Time : 16 May 2026 Saturday 1:09 am

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সংশয় প্রকাশ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি জীবিত আছেন কিনা- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটে দেওয়া এক ভাষণে তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি আয়াতুল্লাহ মোজতবা খামেনি সম্ভবত মৃত অথবা গুরুতর আহত।

গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছিল তেহরান। তবে দীর্ঘ সময় মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, ‘তাদের সর্বোচ্চ নেতা আর নেই। আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে হয়তো মারা গেছেন অথবা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ কেউ তার কোনো খবর জানে না।’

এর আগে গত ১৬ মার্চ হোয়াইট হাউসের এক অনুষ্ঠানেও ট্রাম্প মোজতবা খামেনির অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমরা জানি না তিনি জীবিত কিনা। তবে তাকে কোথাও দেখা যাচ্ছে না—যা খুবই অস্বাভাবিক।’

এদিকে মার্কিন কর্মকর্তারাও মনে করছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড এবং অন্যান্য সামরিক ইউনিটগুলো এখন কোনো কেন্দ্রীয় কমান্ড ছাড়াই পরিচালিত হচ্ছে। এছাড়া বর্তমান যুদ্ধাবস্থায় ইরান এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

খবর : এনডিটিভি