Print Date & Time : 14 June 2026 Sunday 2:24 am

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ

ডেস্ক রিপোর্ট: ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি সেনাবাহিনীর সহপ্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এই নিয়োগে অনুমোদন দিয়েছেন।

আগামী ৩০ জুন বিকেলে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে যাওয়ার পর ধীরাজ শেঠ নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। জেনারেল পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তার মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমির (আইএমএ) প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর ‘আর্মার্ড কোর’ (২য় ল্যান্সার্স)-এ কমিশন লাভ করেন। প্রায় ৩০ বছর পর এই প্রথম আর্মার্ড কোরের কোনো কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন।

প্রায় চার দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ অপারেশনাল, স্ট্র্যাটেজিক ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। কর্মজীবনের শুরুতে তিনি ডেজার্ট সেক্টরে একটি আর্মার্ড রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে বিদ্রোহী দমন ফোর্সের নেতৃত্ব দিয়েছেন।

পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান ও শক্তিশালী স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’ (২১ কর্পস)-এর কমান্ড্যান্টের দায়িত্ব সামলান।

তিনি ভারতীয় সেনাবাহিনীর ‘সাউথ ওয়েস্টার্ন কমান্ড’ এবং ‘সাউদার্ন কমান্ড’—উভয় অপারেশনাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার এই বিরল গৌরব খুব কম অফিসারের ভাগ্যেই জুটেছে।

এ ছাড়া ‘জেনারেল অফিসার কমান্ডিং, দিল্লি এরিয়া’ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাঙ্গোলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পর্যবেক্ষক এবং অপারেশনস অফিসার হিসেবে কাজ করার আন্তর্জাতিক অভিজ্ঞতাও তার রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নে ধীরাজ শেঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা এবং উদীয়মান আধুনিক প্রযুক্তির সঙ্গে সামরিক অভিযানের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে তার বিশেষ জোর ও অবদান রয়েছে।

পেশাগত সামরিক শিক্ষায় অত্যন্ত মেধাবী ধীরাজ শেঠ ‘হায়ার কমান্ড কোর্স’ ও ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ’ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি প্যারিসের মর্যাদাপূর্ণ ‘কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স’ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যাকুইজিশন ম্যানেজমেন্ট কোর্স’ সম্পন্ন করেছেন।

সামরিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের অত্যন্ত সম্মানজনক সামরিক পদক পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক এবং অতি বিশিষ্ট সেবা পদক-এ ভূষিত করা হয়েছে।