ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে ট্রফি জেতাতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক ‘বোমা’ ফাটালেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠছে, তা নিয়ে এখনই এক রোমাঞ্চকর ও বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে বসেছেন ৩৩ বছর বয়সী এই আলবিসেলেস্তে গোলরক্ষক। তার মতে, এবারও সোনালি ট্রফিটা ঘরে তুলছে আর্জেন্টিনাই, আর তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে!
সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পন্সরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পুরো ছকটাই এঁকে দিয়েছেন মার্টিনেজ।
মার্টিনেজের করা টুর্নামেন্টের সমীকরণ বলছে, গ্রুপ পর্বে দেখা না হলেও নকআউটের চড়াই-উতরাই পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তার বাজি-সেই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি গড়াবে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে, যেখানে সেলেসাওদের স্তব্ধ করে দিয়ে টানা বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসির দল।
কাতার বিশ্বকাপ শুরুর আগেও মার্টিনেজ ঠিক এভাবেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলেছিলেন। শেষ পর্যন্ত তার সেই অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করেই কাতার জয় করেছিল আর্জেন্টিনা। ফলে, তার এবারের ভবিষ্যদ্বাণীকেও ভক্তরা একেবারে হালকাভাবে নিচ্ছেন না।
৪৮ দলের এই বিশাল মহাযজ্ঞে কেবল দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। শিরোপার ফয়সালা হতে এখনও বাকি ১০২টি ম্যাচ। তবে এর মধ্যেই মার্টিনেজের মনে মনে কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। তার হিসাবে এবারের শেষ আটে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, মেক্সিকো।
তবে মার্টিনেজের এই পূর্বাভাসে সবচেয়ে বড় চমক হচ্ছে লামিন ইয়ামালদের বর্তমান স্পেনের অনুপস্থিতি। ইউরোপের এই পরাশক্তিকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন। কিন্তু তার মতে, শেষ ষোলোতেই স্প্যানিশদের মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সেখানে তাদের হারিয়েই বাড়ি পাঠিয়ে দেবে আলবিসেলেস্তেরা।
এছাড়া ফ্রান্স হারাবে নরওয়েকে। জার্মানি জিতবে তুরস্কের বিপক্ষে। নেদারল্যান্ডস জয়ী হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ব্রাজিল ধরাশায়ী করবে জাপানকে। একই সঙ্গে মেক্সিকো হারাবে দক্ষিণ কোরিয়াকে। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। ২০২২ সালের পুনরাবৃত্তি হবে, আর্জেন্টিনা হারাবে শক্তিশালী ফ্রান্সকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর ব্রাজিল হারাবে মেক্সিকোকে।
এবার আসছে সেমিফাইনাল। এই পর্বে ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন মার্টিনেজ। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই পর্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হবে। ওইবার যেমন ২-১ গোলে ম্যারাডোনারা ইংল্যান্ডকে হারিয়েছিল, ঠিক একইভাবে এবার সেমিফাইনালে মেসিরা হারিয়ে দেবে ইংল্যান্ডকে। তবে এবারের ম্যাচটির ফয়সালা হবে টাইব্রেকারে। অন্য ম্যাচে ব্রাজিল হারাবে জার্মানিকে।
তারপর হবে ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালের পুনরাবৃত্তি, মানে সুপার ক্লাসিকো ম্যাচে জিতে শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তেরা।