Print Date & Time : 13 May 2026 Wednesday 10:26 pm

ফ্রান্সে তীব্র তুষারপাত-শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট: ফ্রান্স-স্পেন সীমান্তের পিরেনিস পাহাড়ি এলাকায় বরফাচ্ছন্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কাউসার আলম নামে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারী) দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাংলাদেশি নাগরিকের বিস্তারিত পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধারকার্য চালিয়ে আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠায়।

এদিকে, ফ্রান্স জুড়ে তীব্র তুষারপাত ও শৈত্যপ্রবাহে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পরেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিমানবন্দর, রেললাইন এবং সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তীব্র ঠান্ডায় চলাচল ঝুঁকিপূর্ণ ও ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। শৈত্যপ্রবাহ ও তুষারপাতের কারণে প্যারিসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর শার্ল দ্য গল-এ অন্তত ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্লি বিমানবন্দরেও বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তির মধ্যে পড়েন।

প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করেছেন। ভারী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন তুষারপাত ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। নতুন করে তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।