Print Date & Time : 22 April 2026 Wednesday 8:49 am

প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেড, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। যা প্যারিস শহরের আয়তনের চেয়েও বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল। মঙ্গলবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিশেষ করে প্যালিসেড দাবানলে ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে। প্যালিসেড এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদ্যাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছেন এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।