Print Date & Time : 30 October 2026 Friday 10:56 pm

নেতানিয়াহুকে নিয়ে বিল ক্লিনটনের বিস্ফোরক মন্তব্য

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

তার অভিযোগ- ইরানের সঙ্গে যুদ্ধের হুমকি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল মাত্র।

সম্প্রতি মার্কিন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন বলেন, নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ এভাবেই তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে পারেন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় রয়েছেন। খবর আরব নিউজ।

এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহুর যুদ্ধমুখী কৌশলের রাজনৈতিক উদ্দেশ্যকে তুলে ধরেন ক্লিনটন। তিনি বলেন, আমরা এখন যা দেখছি, তা হলো- সাধারণ মানুষের নির্বিচারে হত্যাকাণ্ড। এটা বন্ধ করতে হবে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলাম।

তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তাদের মূল উদ্দেশ্য নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করা।

তিনি বলেন, আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের বোঝাতে চাই, আমরা তাদের পাশে আছি। কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্কহীন সাধারণ মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

ক্লিনটন আরও সতর্ক করে বলেন, ঘোষণাহীন যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে সেই নিরীহ মানুষরা, যারা কোনো রাজনীতিতে নেই, শুধু শান্তিতে বাঁচতে চায়।

উল্লেখ্য, ইসরায়েল সম্প্রতি দাবি করেছে-ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও হামলা চালাচ্ছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত হয়ে উঠেছে।

যদিও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইসরায়েলকে তারা প্রযুক্তিগত সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এমন প্রকাশ্য মন্তব্য শুধু তাৎপর্যপূর্ণই নয়, বরং নেতানিয়াহুর ভূমিকাকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের নতুন দ্বারও খুলে দিয়েছে।