Print Date & Time : 23 November 2026 Monday 10:21 pm

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার পরিকল্পনার সাম্প্রতিক অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধ থেকে দৃষ্টি সরাতেই ওয়াশিংটন এমন কৌশল নিয়েছে।

তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরমাণু নিয়ে মিথ্যা অভিযোগের পর এবার আমেরিকানরা ‘ডার্টি বোমা’ বা নোংরা বোমার দাবি সামনে এনেছে। তার মতে, ইরানের বিরুদ্ধে একটি অবৈধ ও অন্যায্য যুদ্ধ শুরু করার দায় জনমতের কাছে এড়িয়ে যেতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে দাবি করে যে ওয়াশিংটন ডিসিতে ডার্টি বম্ব বিস্ফোরণ ঘটানো কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করতে পারে ইরান।

এ প্রসঙ্গে ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানের পারমাণবিক হুমকির দাবি প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হওয়ার পর এখন ডার্টি বম্ব এবং ইরানের বাঁধ নিয়ে নানা অভিযোগ তুলে নিজেদের আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগ তাদের অপরাধ ও বেআইনি কর্মকাণ্ডকে কোনোভাবেই বৈধতা দিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

খবর : আল-জাজিরা