Print Date & Time : 27 April 2026 Monday 3:00 pm

ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকে বসছেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে কথা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

বার্তাসংস্থা এএফপি শনিবার নেতানিয়াহুর কার্যালয় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে জানায়, তিনি মনে করেন যেকোনো আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ এবং অঞ্চলে ইরানের মিত্রদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

এখানে ‘ইরানি অক্ষ’ বলতে অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকেই বোঝানো হয়েছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দুই নেতার মধ্যে এটি হবে ষষ্ঠ বৈঠক।

শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরে ট্রাম্প জানান, আগামী সপ্তাহের শুরুতে এ আলোচনা আবার শুরু হবে।

যদিও যুক্তরাষ্ট্র-ইসরায়েল উভয়ই ইরানের ঘোর প্রতিপক্ষ, তবুও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার বিষয়ে ইসরায়েল তুলনামূলকভাবে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের আলোচনা নিয়ে আপত্তি জানিয়েছে।

ভূরাজনৈতিক বিশ্লেষক মাইকেল হোরোভিটজের মতে, ‘ইসরায়েল ইরানের শাসনব্যবস্থাকে স্থায়ীভাবে দুর্বল করা, এমনকি পতন ঘটানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে; প্রয়োজনে অতিরিক্ত হামলার বিকল্পও তারা বিবেচনায় রাখছে।’

গত মাসে নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের পক্ষ থেকে কোনো হামলা হলে ইসরায়েল পাল্টা আঘাত হানবে এবং এমন শক্তি প্রয়োগ করা হবে ‘যা ইরান আগে কখনো দেখেনি।’