Print Date & Time : 5 May 2026 Tuesday 9:23 pm

জন্মদিনে মোদিকে ট্রাম্পের ফোন

ডেস্ক রিপোর্ট: ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর, প্রথম সরাসরি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ শুল্ক আরোপের পর, এ ঘটনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ফোনালাপে উভয় নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘আপনার মতো আমিও ভারত-মার্কিন বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলোকে আমরা সমর্থন করি।’

জবাবে, ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সাথে তার চমৎকার যোগাযোগ হয়েছে। অসাধারণ কাজ করার জন্য এবং ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে মার্কিন উদ্যোগে ভারতের সমর্থনের জন্য মোদিকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এইমাত্র একটি দারুন ফোনালাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।’

ভারতের প্রধানমন্ত্রী মোদির এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর চড়া বাণিজ্য শুল্ক আরোপ করেছে। এরপর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনাও স্থবির হয়ে যায়। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই সপ্তাহের শুরুতে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি নয়াদিল্লি যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় তবে তারা আমেরিকান বাজারে তার প্রবেশাধিকার হারাতে পারে।

তবে সম্প্রতি বাণিজ্য চুক্তির আলোচনা পুনরায় শুরু হয়েছে। উচ্চ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো, মঙ্গলবার উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছে, যা ওয়াশিংটন ইতিবাচক বলে বর্ণনা করেছে।

দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করার প্রচেষ্টা সম্পর্কে গত সপ্তাহে ট্রাম্পের মন্তব্যের প্রতি মোদির ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পটভূমিতে, বাণিজ্য আলোচনার পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট সেসময় বলেছিলেন, তিনি আগামীতে মোদির সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আত্মবিশ্বাসী ছিলেন যে উভয় পক্ষই প্রস্তাবিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে।

খবর : এনডিটিভি