Print Date & Time : 9 November 2026 Monday 10:25 pm

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের ধারাবাহিকতায় এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের স্থলপথে উন্নত অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সরঞ্জাম প্রবেশ ঠেকাতে শনিবার (৭ নভেম্বর) নতুন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এই বাহিনীর সদর দপ্তর হবে ফ্লোরিডার টাম্পায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।

অস্ত্র স্থানান্তর বন্ধের পাশাপাশি ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রবাহ এবং ওয়াশিংটনের ভাষায় অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাও হবে এই টাস্কফোর্সের লক্ষ্য।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সঙ্গে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় পরও ওয়াশিংটনের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মার্কিন হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি মারাত্মকভাবে সীমিত হয়েছে। তবে এরপরও আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে। দেশটির শাসকগোষ্ঠীও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।