Print Date & Time : 9 November 2026 Monday 10:10 pm

ইসরাইলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকোট

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বে মনোনীত হওয়ার পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোটের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ যদি সততার সঙ্গে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তবে তার নেতৃত্বে সরকার গঠনে তাদের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন। সরকার গঠনের জন্য তাকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে আইজেনকোট প্রতিশ্রুতি দেন, তিনি দেশের সব শ্রেণির নাগরিকের প্রতিনিধিত্ব করবেন এবং একটি কার্যকর প্রশাসন উপহার দেবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট হারজোগ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর বৈশ্বিক রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তার বিপরীতে ইসরাইলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন এখন অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহুর যুদ্ধকালীন কেবিনেটেও ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের চার দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে জয়ী হয়। ১২০ সদস্যের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনের প্রয়োজন হলেও কোনো জোটই তা অর্জনে সক্ষম হয়নি। এবার আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে আইজেনকটকে সমর্থন দিলেও, আইজেনকোট তাদের সঙ্গে নিয়ে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু আবার সুযোগ পেতে পারেন কিংবা নতুন নির্বাচনের পথ সুগম হতে পারে।