Print Date & Time : 20 June 2026 Saturday 11:09 pm

ইরান যুদ্ধে হেরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: যে যুদ্ধের শুরু হয়েছিল ‘পূর্ণাঙ্গ বিজয়’ আর ইরানের ‘শর্তহীন আত্মসমর্পণের’ হুঙ্কার দিয়ে, চার মাস পর তার পরিণতি মার্কিন প্রশাসনের জন্য এক অপমানজনক পিছু হটার গল্প। ২০১৮ সালে বারাক ওবামার করা ঐতিহাসিক পরমাণু চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ, ২০২৬ সালের এই নতুন চুক্তির রূপরেখা বলছে—ঘুরেফিরে ওবামার সেই ২০১৫ সালের চুক্তির শর্তগুলোতেই ট্রাম্পকে ফিরে আসতে হচ্ছে। ট্রাম্পের দাবি করা ‘ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার’ প্রতিশ্রুতির কোনো প্রতিফলনই এই চুক্তিতে নেই।

এই চুক্তিতে ট্রাম্পের একমাত্র সাফল্য বৈশ্বিক বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়া। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি আসলে যুদ্ধের আগের স্থিতাবস্থায় ফিরে যাওয়া মাত্র। বরং, এই প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার যে কৌশল ইরান নিয়েছিল, তা সফল প্রমাণিত হলো। ইরানের নেতারা এখন ভালো করেই জানেন, তাঁদের হাতে বিশ্বকে কাঁপানোর মতো একটি বড় অর্থনৈতিক অস্ত্র রয়েছে।সামরিক দিক থেকে ইরান তাদের নৌ ও বিমানবাহিনীর বড় অংশ হারিয়েছে, এমনকি যুদ্ধের শুরুতে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও।

কিন্তু এতকিছুর পরেও কৌশলগতভাবে বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। আড়াই বছর ধরে চরম অর্থনৈতিক সংকট, জনগণের বিক্ষোভ এবং হামাস-হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর পতনের পর ইরান যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ছিল, এই যুদ্ধ তাদের আবার দর-কষাকষির টেবিলে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। অন্যদিকে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও একটি ছোট প্রতিপক্ষকে পুরোপুরি দমনে ব্যর্থ হয়ে বিশ্বের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতি কাটিয়ে উঠতে হলে যুক্তরাষ্ট্রের উচিত মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং পেন্টাগনকে আধুনিকায়ন করা। তবে ট্রাম্পের বর্তমান নেতৃত্বের অধীনে তার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইরান প্রমাণ করেছে তারা একের পর এক আঘাত সহ্য করেও টিকে থাকতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো—ভবিষ্যতে ইরান যদি আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে ট্রাম্পের কাছে আর কী বিকল্প খোলা থাকবে? নাকি ওয়াশিংটনকে আবারও তেহরানের শর্তই মেনে নিতে হবে?