Print Date & Time : 28 October 2026 Wednesday 10:30 pm

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের উসকানিতে ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা হলে আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে এ ধরনের সামরিক পদক্ষেপের প্রভাব নিয়ে উদ্বিগ্ন জ্বালানি সরবরাহকারী ও ভোক্তা উভয় পক্ষই।

বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের কাছ থেকে আসা ‘অস্তিত্বের জন্য হুমকি’ দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারেন তিনি। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন সরকার গঠনের চেষ্টা করছেন নেতানিয়াহু।

এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে আন্তর্জাতিক বাজারে তার ভয়াবহ প্রভাব পড়বে। বিষয়টি গ্যাস সরবরাহকারী ও ভোক্তা উভয় পক্ষের জন্যই বড় উদ্বেগের।

গত কয়েক দিনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনার কথা সামনে এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।

এদিকে রাশিয়ার মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিয়েছেন আরাগচি। একই সম্মেলনে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।