Print Date & Time : 20 April 2026 Monday 10:37 pm

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। দুটি দেশ ‘সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে লড়ছে’।

সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘ইরানে আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। এটা এখনও শেষ হয়নি যেকোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।’

তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরও আশা ও আলোকবর্তিকা বয়ে আনব।

এদিকে সংঘাত নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন-তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এরমধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরষ্পরবিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

খবর : টাইমস অব ইসরাইল