ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতের এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতুসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও রেল অবকাঠামো।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, হামলায় ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। তার ভাষায়, চলমান যুদ্ধে এটি অন্যতম বড় হামলা।
জেলেনস্কি আরও জানান, হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কয়েক ধাপে হামলা চালিয়ে প্রতিবারের মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়। এতে আগুন নেভানো, ধ্বংসস্তূপ সরানো এবং জরুরি পরিষেবা পুনরুদ্ধারের কাজে বাধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি পৃথক বার্তায় জানান, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের এবং দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি ও পিভদেনিয়ি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর নির্মিত সেতু তিনটি রাজধানীর দুই অংশের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। বাসিন্দাদের গাড়ি নিয়ে কর্মস্থলে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সেতুগুলো লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার পর অনেক বাসিন্দা মেট্রো স্টেশনে আশ্রয় নেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সবগুলোই প্রতিহত করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।
হামলায় কয়েকটি বিদ্যুৎ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। শহরের চারটি জেলায় পানির চাপ কমে গেছে এবং কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হতে পারে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো জানিয়েছে, লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। জ্বালানি কোম্পানি ডিটিইকের তথ্য অনুযায়ী, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর উক্রজালিজনিৎসিয়াও জানিয়েছে, কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক দুর্বল হওয়া এবং বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পর পুতিন এই হামলার নির্দেশ দিয়েছেন। তিনি একে অত্যন্ত প্রদর্শনমূলক হামলা হিসেবে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। গত চার দিনে সেতুটি লক্ষ্য করে এটি ছিল তৃতীয় হামলা। এতে সেতুটির ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর চীনের শেনঝেনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে রুশ বাহিনীর ব্যাপক হামলা শুরু হয়।
কার্চ প্রণালির ওপর নির্মিত ক্রিমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু। এটি রাশিয়ার অন্যতম প্রতীক হিসেবেও পরিচিত। ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ার সামরিক সরবরাহ ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া সেতুতে হামলা ইউক্রেনের অবকাঠামো, বিশেষ করে সেতুতে রাশিয়ার হামলার পাল্টা জবাব।
খবর : এএফপি