ডেস্ক রিপোর্ট: ভারতীয় ধনকুব মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি বড় তেল শোধনাগারে বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। এটিকে ‘ঐতিহাসিক ৩০ হাজার কোটি ডলারের চুক্তি’ হিসেবে উল্লেখ করে রিলায়েন্সকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
নতুন শোধনাগারটি টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে তৈরি হবে। এই প্রকল্পে রিলায়েন্সের বিনিয়োগের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। রিলায়েন্স ইতোমধ্যেই ভারতের জামনগরে বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগারের মালিক এবং কোম্পানির বাজারমূল্য প্রায় ২০ হাজার ৬০০ কোটি ডলার।
ট্রাম্প বলেন, এই শোধনাগার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মজবুত করবে, দেশীয় জ্বালানি উৎপাদন বাড়াবে, অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে এবং বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হবে। আমেরিকা ফার্স্ট রিফাইনিং এই শোধনাগার নির্মাণ করছে, যা মূলত যুক্তরাষ্ট্রে উত্তোলিত তেল পরিশোধনের জন্য ব্যবহার হবে।
বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই শোধনাগারের নির্মাণের ঘোষণা এসেছে। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে।
এছাড়া, নতুন শোধনাগারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে হালকা শেল তেলের পরিশোধন ক্ষমতা বাড়ানো হবে। আমেরিকা ফার্স্ট রিফাইনিং জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।